বুধবার, ১৮ মে, ২০১৬

ইখলাস কি?

ইখলাস হল আল্লাহর নৈকট্য অর্জনের চাবিকাঠি।

কেবলমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যাবতীয় কাজ সম্পাদন করার নামই হল ইখলাস। কে দেখছে কে দেখছেনা সেটা না ভেবে লোকচক্ষু বা লোকলজ্জাকে অবজ্ঞা করে আল্লাহ্‌ সর্বক্ষণ আমাদের দেখছেন এই ভয় বা ভাবনা মাথায় রেখে আমাদের প্রকাশিত বা অপ্রকাশিত সমস্ত কাজগুলো সম্পাদন করবার নামই হল ইখলাস। পবিত্র কোরআনে সুন্দর অনেক আয়াত আছে এই ব্যাপারে। মহান আল্লাহ্‌-তায়ালা বলেনঃ

“তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূরপ্রসারী। তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, এতীম ও বন্দীকে আহার্য দান করে।তারা বলেঃ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না।” [সূরা আদ-দাহর, ৭৬:৭-৯]
ইখলাস হল যেকোনো কাজের মূলভিত্তি। মূলভিত্তি দুর্বল হলে যেমন বিল্ডিং ভেঙ্গে পড়ে সহজেই, ঠিক তেমনই হবে আমদের কাজের পরিণতি সেটা যদি হয় ইখলাস-বিহীন।

“আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরণ বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।” [সূরা আল আন-আম, ৬:১৬২]
“তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে…।” [সূরা বাইয়্যিনাহ, ৯৮:৫]
“আর সে নারী নিশ্চয়ই তার প্রতি আসক্ত হয়েছিল, আর সেও [ইউসুফ(আঃ)] তার প্রতি আসক্ত হয়ে পড়ত যদি না সে তার পালনকর্তার স্পষ্ট-প্রমাণ প্রত্যক্ষ করতে। এইভাবে আমরা যেন তার কাছ থেকে হটিয়ে দিতে পারি মন্দকাজ ও অশ্লীলতা। নিঃসন্দেহে সে ছিল আমার একান্ত অনুরক্ত বান্দাদের একজন।” [সূরা ইউসূফ, ১২:২৪]
“সে [শয়তান] বললঃ হে আমার পলনকর্তা, আপনি যেমন আমাকে পথ ভ্রষ্ট করেছেন, আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ঠ করে দেব।আপনার মনোনীত বান্দাদের ব্যতীত।” [সূরা হিজর, ১৫:৩৯-৪০]
এই মুহূর্তে উমর (রাদিআল্লাহু আনহু) এর ব্যাপারে বলা নবী করিম(সাঃ ) এর একটা কথা মনে পড়ে গেল আমারঃ “উমর(রাদিআল্লাহু আনহু) যে পথে আছে শয়তান সে পথ পরিহার করে চলবে কেননা সে তাকে ভয় পায়।”(বুখারী-কিতাবুল আদাবঃ ১০৮)
বিশুদ্ধ ইখলাসের একটা সুন্দর উদাহারন হল মরিয়ম(আঃ) এর মা,

“এমরানের স্ত্রী যখন বললো-হে আমার পালনকর্তা! আমার গর্ভে যা রয়েছে আমি তাকে তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত রেখে। আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞাত।” [সূরা আল ইমরান, ৩:৩৫]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন